পেটে সন্তান বড় হচ্ছে, শরীরের গড়ন বদলাচ্ছে, কোমরে টান পড়ছে। এই পথ অনেক মাকেই পার করতে হয়। আবার কোলে সন্তান এলে ঘণ্টার পর ঘণ্টা দুধ খাওয়ানো, বারবার কোলে নেওয়া আর রাত জাগার ধকলে ব্যথা যেন কমতেই চায় না।
অনেকে ভাবেন, মা হলে এটুকু কষ্ট সহ্য করতেই হবে। কথাটা আংশিক সত্য, পুরোটা নয়। ব্যথা হওয়া সাধারণ ব্যাপার, কিন্তু সহ্য করে যাওয়াই একমাত্র উপায় নয়।
গর্ভাবস্থায় কোমর ও নিতম্বে ব্যথা কেন
- পেট বড় হওয়ার সঙ্গে শরীরের ভার সামনের দিকে সরে যায়। কোমরের স্বাভাবিক বাঁক বেড়ে গিয়ে পেশির ওপর বাড়তি চাপ পড়ে।
- গর্ভাবস্থার হরমোনের কারণে জয়েন্টের লিগামেন্ট নরম হয়। নিতম্বের জয়েন্ট আর মেরুদণ্ডের নিচের অংশ তখন আগের মতো স্থির থাকে না।
- পেটের ও নিতম্বের পেশি দুর্বল থাকলে চাপ গিয়ে পড়ে কোমরের ওপর।
- ঘুমের ভঙ্গি বদলে যায়, ঠিকমতো বিশ্রামও হয় না।
ডেলিভারির পরও কেন ব্যথা থাকে
সন্তান জন্মের সঙ্গে সঙ্গে শরীর আগের অবস্থায় ফিরে যায় না। পেটের পেশি টান হয়ে থাকে। দুধ খাওয়ানোর সময় ঝুঁকে বসা, বাচ্চাকে বারবার কোলে তোলা, সিজারের পর ভুল ভঙ্গিতে ওঠা-বসা, সব মিলিয়ে ব্যথা টিকে যায়।
এর সঙ্গে আরেকটা সমস্যা প্রায়ই আড়ালে থেকে যায়। সেটা পেলভিক ফ্লোর। মূত্রথলি, জরায়ু আর মলদ্বারের নিচে হ্যামকের মতো যে পেশিগুচ্ছ এদের ধরে রাখে, তাকেই বলে পেলভিক ফ্লোর। এটি দুর্বল হলে হাঁচি, কাশি বা হাসির সময় প্রস্রাব বেরিয়ে যেতে পারে, তলপেটে ভারী ভাব লাগতে পারে। অনেকে লজ্জায় কাউকে বলেন না। অথচ এর ব্যবস্থা আছে। আমাদের গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি সেবা ঠিক এই ধরনের সমস্যা নিয়েই কাজ করে।
ছোট কিছু অভ্যাসে আরাম মেলে
- ঘুমানোর সময় পাশ ফিরে শুয়ে দুই হাঁটুর মাঝে একটা বালিশ রাখুন।
- বিছানা থেকে ওঠার সময় আগে পাশ ফিরুন, তারপর হাতে ভর দিয়ে ধীরে উঠুন। সোজা উঠে বসবেন না।
- দুধ খাওয়ানোর সময় পিঠের পেছনে ও কোলে বালিশ নিন, যেন ঝুঁকে থাকতে না হয়।
- কিছু তোলার সময় কোমর না বাঁকিয়ে হাঁটু ভাঁজ করুন।
- নরম সোলের আরামদায়ক জুতা পরুন। হাই হিল এড়িয়ে চলাই ভালো।
- ডাক্তার নিষেধ না করলে অল্প অল্প হাঁটুন।
পেলভিক ফ্লোর ব্যায়াম (কেগেল) কীভাবে করবেন
আরাম করে শুয়ে বা বসে নিন। প্রস্রাব বা গ্যাস আটকে রাখার সময় যে পেশি কাজ করে, সেটিকে ভেতরের দিকে ও ওপরের দিকে টেনে ধরুন। পেট, নিতম্ব আর উরু শক্ত করবেন না, শ্বাসও আটকাবেন না। পাঁচ সেকেন্ড ধরে রেখে পুরোপুরি ছেড়ে দিন। এভাবে দশবার, দিনে দুই-তিনবার।
প্রস্রাব চলার সময় মাঝপথে থামিয়ে অনুশীলন করবেন না। পেশি চিনে নেওয়ার জন্য এক-দুবার চেষ্টা করা যায়, কিন্তু নিয়মিত ব্যায়াম হিসেবে এটা করা ঠিক নয়।
গর্ভাবস্থায় শুরু করার আগে প্রসূতি চিকিৎসকের অনুমতি নিন। স্বাভাবিক প্রসবের পর ব্যথা না থাকলে অনেকে হালকাভাবে শুরু করতে পারেন। সিজারের পর বা কোনো জটিলতা থাকলে ডাক্তারের অনুমতি নিয়ে শুরু করুন।
একটা বিষয় খেয়াল রাখবেন। অনেকে না জেনে পেশি টানার বদলে নিচের দিকে ঠেলে দেন, ফলে উপকারের বদলে সমস্যা বাড়তে পারে। ঠিকমতো করছেন কি না নিশ্চিত না হলে একজন ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে নিন।
কখন ডাক্তারের কাছে যাবেন
- গর্ভাবস্থায় তীব্র ব্যথার সঙ্গে রক্তপাত, পানি ঝরা, জ্বর বা পেট শক্ত হয়ে আসা।
- হঠাৎ একটি পায়ে ফোলা, ব্যথা, লালচে ও গরম ভাব। এটি রক্ত জমাট বাঁধার লক্ষণ হতে পারে।
- ডেলিভারির পর জ্বর, সেলাই বা ক্ষতস্থানে ব্যথা ও পুঁজ, অথবা অতিরিক্ত রক্তপাত।
- দুই পায়ে অবশ ভাব, কিংবা প্রস্রাব-পায়খানা ধরে রাখতে না পারা।
- ডেলিভারির কয়েক সপ্তাহ পরও প্রস্রাবের নিয়ন্ত্রণ ফিরে না আসা।
কোমরব্যথার সাধারণ কারণ ও ঘরোয়া যত্ন নিয়ে আমাদের কোমরের দুই পাশে ব্যথা কেন হয় লেখাটাও পড়তে পারেন। আর শরীর নিয়ে সংকোচ না করে আমাদের সঙ্গে কথা বলুন। এই বিষয়গুলো আমরা প্রতিদিনই শুনি, এবং গোপনীয়তা ও সম্মান রেখেই শুনি।

